মদ-ধূমপান-আবর্জনায় কড়া নিষেধাজ্ঞা জেমি ডের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৪ পিএম

বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন তাজিকিস্তানে। সোমবার আফগানিস্তান ম্যাচের ভেন্যুর তাজিকিস্তানের দুশানবেতে পৌঁছে জেমি ডের দল। ১০ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে সেখানকার জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে চলে গেছে দল।

মঙ্গলবার বিকেলে স্থানীয় দল এফসি কুকতোসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। তার আগে দুশানবেতে পৌঁছে সোমবার বিকেলে গা গরমও করেছেন ফুটবলাররা। এর আগেই টিম হোটেলে দল নিয়ে বৈঠকে ইংলিশ কোচ জেমি ডে সাফ জানিয়ে দিয়েছেন- এই ক্যাম্পে ফুটবলারদের থাকতে হবে শৃঙ্খলাবদ্ধ।

এমনিতে টিমের এই সভার কথাবার্তা বাইরে আসার কথা নয়। কিন্তু দলের সঙ্গে যাওয়া এক কর্মকর্তার পাঠানো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কোচ খেলোয়াড়দের দিয়ে দিচ্ছেন কঠোর বার্তা, ‘হোটেলে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। নিজ নিজ কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, মেঝেতে যেন কোনো ময়লা-আবর্জনা না দেখি। কোনো কক্ষ থেকে যেন ধূমপানের গন্ধ না পাওয়া যায় এবং কারও কক্ষে যাতে কোনো মদের বোতল (হুইস্কি) না দেখি।’

বাংলাদেশের ফুটবলারদের এই অনুশাসনে রাখাটা জরুরি এটা হয়তো অতীত থেকেই শিক্ষা নিয়েছেন জেমি ডে। অতীতে জাতীয় দলের ক্যাম্পে মদ্যপানের মতো শৃঙ্খলাভঙ্গের একাধিক ঘটনা ঘটেছিল, যা হয়তো হুঁশিয়ার করে দিয়েছে কোচকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত