ফেসঅ্যাপ, ডিপফেকের পর এবার নতুন একটি চাইনিজ অ্যাপ ‘জাও’ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় হইচই শুরু হয়েছে। এই অ্যাপটি দিয়ে কোনো ভিডিওতে মাত্র আট সেকেন্ডে যেকোনো তারকার চেহারার সঙ্গে আপনার চেহারা জুড়ে দিতে পারবেন।
ফেসঅ্যাপের মতো অ্যাপ নিয়ে কয়েক মাস আগে প্রযুক্তি জগতে রীতিমতো ঝড় উঠে যায়। অনেকেই দাবি করে, এই অ্যাপ দিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে। সেসবের অবশ্য অকাট্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এরপর আলোচনা শুরু হয় নকল ভিডিও বানানোর প্রযুক্তি ডিপফেক নিয়ে। এটি দিয়ে নারীদের ভুয়া পর্ন ভিডিও বানানো হচ্ছে বলে অভিযোগ ওঠে।
‘জাও’ অ্যাপটি চীনের আইওএস অ্যাপ স্টোরে আপলোড করা হয় শুক্রবার। রোববারের ভেতর সেটি সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের খেতাব দখল করে!
ফোন নম্বর দিয়ে অ্যাপটিতে সাইনআপের পর ফেসের ছবি আপলোড করতে হয়।
এরপর কয়েকটি ভিডিও সিলেক্ট করে সেখানকার চরিত্রের মুখে নিজের মুখ জুড়ে দেওয়া যায়।
সাধারণ ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ছড়ায় রয়টার্সের একটি প্রতিবেদনের পর। সংবাদমাধ্যমটি জানায়, জাওয়ের নীতিমালায় বলা আছে, ব্যবহারকারীদের মুখের ছবি আপলোড করা মানে মেধাস্বত্ব অধিকার দেওয়া। তাদের ছবি সংশ্লিষ্ট কোম্পানি মার্কেটিংয়ের কাজে ব্যবহার করতে পারবে বলেও শর্ত জুড়ে দেওয়া হয়।
এই প্রতিবেদনের পর অ্যাপ কর্তৃপক্ষ ‘ইউটার্ন’ নিয়েছে। নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
