টেস্টে যে কারণে ওপরে ব্যাট করতে চান না সাকিব

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৮ পিএম

বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করেছেন সাকিব আল হাসান। ওপরের দিকে খেলে ছিলেন দারুণ সফল। টেস্টেও কি ওপরের দিকে ব্যাট করবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার? সাকিব আসলে টেস্টে ওপরে ব্যাট করতে চান না।

আফগানিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তার আগে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলে টাইগার অধিনায়ক।

ব্যাটিং অর্ডারে নিজের ওপরের দিকে খেলা নিয়ে বললেন, ‘যেহেতু বিশেষ করে আমাদের দেশে বা উপমহাদেশে খেলায় অনেক ওভার বোলিং করতে হয়, এত ওভার বোলিং করে সঙ্গে সঙ্গে ওপরে ব্যাট করা কঠিন। যদি কখনো ওরকম সুযোগ আসে যে বোলিং কমিয়ে দিচ্ছি বা ওরকম কিছু, হয়তো ইচ্ছে আসতেও পারে যে ওপরের দিকে ব্যাট করলাম।’

ঘরের মাঠে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ওপরের দিকেই ব্যাট করেছেন সাকিব। সেই প্রসঙ্গ টেনে বললেন, ‘শেষ যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলেছি, আমি চারেই ব্যাট করেছিলাম। তবে সত্যি কথা হলো, তিন-চারে ব্যাটিং করলে দ্রুত উইকেট পড়ে গেলে, ২৫-৩০ ওভার বোলিং করে আবার তখনই ব্যাটিং করার কঠিন। টেস্টে একজন ব্যাটসম্যানের জন্য মনোযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

পরের দিকে ব্যাট করাটাই তাই নিজের জন্য ভালো মনে করেন সাকিব, ‘মনোযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ হলো কতটা তরতাজা অবস্থায় ব্যাট করতে পারেন। এ জন্য একটু পরে ব্যাট করাটাই আমার জন্য মনে হয় ভালো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত