১ বছর ধরে অনুপস্থিত শিক্ষক

পরিদর্শনে গিয়ে বরখাস্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ এএম

রাজধানীর সূত্রাপুরের মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়ে ঝটিকা পরিদর্শনে গিয়ে এক বছর ধরে অনুপস্থিত থাকায় সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তাকে নিয়ে গতকাল বুধবার সকালে এটিসহ পুরান ঢাকায় তিনটি স্কুলে ঝটিকা পরিদর্শনে যান তিনি। অন্য স্কুল দুটি হলো সূত্রাপুরের রাধাসুন্দরী ও গুলিস্তানের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়।

সুরিটোলা স্কুলে তেমন কোনো অনিয়ম পাননি প্রতিমন্ত্রী। তবে স্কুলের চারপাশ অপরিষ্কার দেখতে পান। সূত্রাপুরের রাধাসুন্দরী স্কুলের পরিবেশ আরও বেশি নোংরা ও কিছুটা অপরিচ্ছন্ন থাকায় শিক্ষকদের সতর্ক করেন মন্ত্রী। আর সূত্রাপুরের মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরী এক বছর ধরে অনুপস্থিত। তাই তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যেসব স্কুলে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক কম ও বেশি আছে তা সমন্বয় করা হবে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে। স্কুলগুলোর অবকাঠামো ও শিক্ষক সংকট নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত