জাটায়ই

শুধু রোহিঙ্গা সমস্যা নয়, সামনে আরও বিপদ আসছে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫০ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রোহিঙ্গা সমস্যার মতো দেশের সামনে আরও বিপদের শঙ্কা রয়েছে। এ অবস্থায় সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারামুক্ত দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার গ্যাস রপ্তানির চুক্তি করেছেন। দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে তিনি বলেন, দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার নেই। তারা আজ অসহায়। সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য কোনো ব্যবস্থা নিতে পারেনি। কারণ সরকারের প্রধান দুই মিত্র ভারত ও চীন মিয়ানমারের পক্ষে। শুধু রোহিঙ্গা সমস্যা নয়, সামনে আরও বিপদ আসছে। চতুর্দিকে বিপদ আসছে। তাই চোখ বন্ধ করে থাকলে চলবে না।

ভারতের আসামের নাগরিকপঞ্জির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আজকে আসামে যে এনআরসি তৈরি হয়েছে এর মধ্যে কী আছে তা বোঝা যাচ্ছে না। তবে এটুকু বোঝা যাচ্ছে একটা বিপদ জানান দিচ্ছে। এজন্য দেশের জনগণকে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকে এগিয়ে আসতে হবে। আন্দোলন করতে হবে। এজন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল খেটেছেন। মিয়ানমারের অং সান সু চি ১০ বছর গৃহবন্দি ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, এ দেশের তরুণরা একদিন সংগ্রাম করে দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

মির্জা ফখরুল বলেন, ২০০১ সালে যখন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করে তখন আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি গ্যাস রপ্তানির চুক্তিতে সই করেননি বলে পরাজিত হয়েছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার গত মঙ্গলবার গ্যাস রপ্তানির চুক্তিতে স্বাক্ষর করেছে। আজকে বাংলাদেশ একটি আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এসব করছে।

২০০৭ সালের ৭ মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। এর পরের বছর ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে জামিনে তিনি মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন চলে যান। বর্তমানে তারেক সেখানেই আছেন।

সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, আনিসুর রহমান তালুকদার খোকন, মীর হেলাল, ফরহাদ হোসেন আজাদ, বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তরিকুল ইসলাম টিটু প্রমুখ। অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত