চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত নাজিম উদ্দীনের (৩৫) স্বজনদের অভিযোগÑ হত্যার পর তার লাশ ভারতে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে।
নাজিম উদ্দীন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু আনার কাজ করতেন। গত বুধবার মাঝরাতে তিনিসহ আরও কয়েকজন গরু আনতে সীমান্তের ৭৪ নং পিলারের কাছে গেলে ভারতের গেদে আমতলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। তাতে ঘটনাস্থলেই মারা যান নাজিম। পরে তার লাশ আমতলা বিএসএফ ক্যাম্পের অদূরে ১ নং গেটের কাছে ফেলে রাখা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
নিহতের ভাই রতন আলী জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ভারত থেকে গরু আনতে সে বাড়ি থেকে বের হয়। এরপর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভারতের গেদে বিএসএফ ক্যাম্পের অদূরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
গতকাল বিকেলে ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক কামরুল হাসান জানান, স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর আমরা শুনেছি। প্রকৃত ঘটনা জানতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।
