বৃদ্ধার সঙ্গে দুর্ব্যবহার করায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭ এএম

এক বৃদ্ধ নারীর সঙ্গে দুর্ব্যবহার করায় পাকিস্তানে এক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে।

ডন জানায়, বৃহস্পতিবার সকালে বিবিসি উর্দুর সাংবাদিক তারহাব আসগার টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন, যাতে দেখা যায় একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) এক বয়স্ক নারীর সঙ্গে চিৎকার করছেন এমনকি ভর দিয়ে হাঁটার তার লাঠিও ছুড়ে মারেন।

ওই সাংবাদিকের ভাষ্য, লাহোরের এক থানার সামনেই এই ভিডিও করা হয়েছে। ভিডিওটি দেখে পাঞ্জাব প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহবাজ গিল তাতে রিটুইট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে লাহোর পুলিশকে সরাসরি নির্দেশ দিয়েছেন প্রাদেশিক সরকার প্রধান উসমান বুজদার।

তিনি বলেন, “কোনো পুলিশ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না।”

এই নির্দেশের দুই ঘণ্টা পরেই শাহবাজ গিল টুইটারে পোস্ট করে জানান, একজন বয়স্ক নারীর সঙ্গে অসদাচরণ এবং দুর্ব্যবহারের অভিযোগে ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। 

গত সপ্তাহে দেশটিতে পুলিশি নির্যাতনে তিনজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। যার দুজনই লাহোরে। এ ঘটনার পর থেকে পুলিশ বাহিনী কঠোর সমালোচিত হচ্ছে। তার ধারাবাহিকতায় বৃদ্ধার সঙ্গে দুর্ব্যবহারের কারণে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত