বাবার কাছে দুপুরের খাবার পৌঁছে দিতে পারল না সাদিয়া

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৪ পিএম

বাইসাইকেলে করে সাদিয়া আক্তার (১৫) বাড়ি থেকে বাবার জন্য দুপুরে খাবার নিয়ে যাচ্ছিল। কে জানত সেই খাবার আর বাবার কাছে পৌঁছাবে না। সাদিয়ার জীবন শেষ হয়ে যাবে ট্রাকের চাপায়। 

নির্মম এ দুর্ঘটনা ঘটেছে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকায়। নিহত সাদিয়া নবম শ্রেণির ছাত্রী। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। 

পরে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত ওই স্কুল ছাত্রী শালবাহান ইউনিয়নের যুগীগছ এলাকার ইসরাফিল হোসেনের মেয়ে। সে শালবাহান দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানায়, সাদিয়ার বাবা তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে এলুমিনিয়ামের দোকান করেন। 

শুক্রবার দুপুরে শালবাহান উচ্চ বিদ্যালয় রোড ধরে যাওয়ার সময় অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাংলাবান্ধাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সাদিয়া। পরে ক্ষুব্ধ স্থানীরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। 

খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকের ওই চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ট্রাকচাপায় ওই স্কুলছাত্রী নিহত হওয়ার পর স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সর্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। কৃষ্ণকান্ত রায় (২১) নামে ওই ট্রাকের চালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত