সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাংসদ কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে সবচেয়ে বেশি সফল। জনগণ পুলিশকে সহায়তা করেছে বলেই পুলিশ শক্ত হাতে জঙ্গি দমন করতে পেরেছে। গতকাল বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এ মন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ জঙ্গি দমনে ব্যর্থ হয়েছে। সেদিক বিবেচনায় আমরা অনেক এগিয়ে। কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই পুলিশ তার নির্দেশনা অনুযায়ী শক্ত হাতে মাদক নির্মূল করেছে। তবে পুলিশের একার পক্ষে সব সম্ভব নয়। জনগণকেও পুলিশের সঙ্গে কাজ করতে হবে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার প্রমুখ।
