ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ মাঠে গড়াবে ১৫ সেপ্টেম্বর। তার আগেই শুরু হয়ে গেল কথার লড়াই। বিশেষ করে জসপ্রিত বুমরাহকে প্রচ্ছন্ন একটা খোঁচাই দিয়ে রাখলেন প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা। এল জোফরা আর্চারের প্রসঙ্গও।
ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি, সমান সংখ্যক টেস্ট ও ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। এই সিরিজে বুমরাহর সঙ্গে রাবাদার লড়াই দেখার অপেক্ষায় সবাই।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত বোলিং করেছেন জসপ্রিত বুমরাহ। অন্য দিকে অ্যাশেজে জোফরা আর্চার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের রীতিমতো ভুগিয়ে চলেছেন। দুই তারকা বোলারের সঙ্গে দৌরাত্ম্যে একেবারেই চিন্তিত নন কাগিসো রাবাদা। বললেন, ‘আমি বুমরাহ ও আর্চারকে সম্মান করি। ওরা দারুণ বোলার।’
তবে বুমরাহ ও আর্চারকে নিয়ে মিডিয়ায় বড্ড বেশি প্রচার হচ্ছে বলে মনে করেন রাবাদা। প্রোটিয়া ফাস্ট বোলার বলছেন, ‘আর্চার দারুণ প্রতিভাবান। বুমরাহও একের পর এক ম্যাচে বিস্ময় দেখাচ্ছে। ওদের পারফরম্যান্সের জন্য আমিও নিজের সেরাটা দিতে পারছি। তবে মিডিয়াও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে মাত্রাতিরিক্ত প্রচার করছে।’
নির্দিষ্ট করে নাম না বললেও কথাটা যে বুমরাহ-আর্চারকে উদ্দেশ্যে করেই বললেন রাবাদা, তা কি আর বলার অপেক্ষা রাখে।
