চট্টগ্রামে বৃষ্টি থামলেও খেলা শুরু হতে দেরি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৩ পিএম

বৃষ্টির পেটে গেছে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন। দ্বিতীয় সেশনে মাত্র তেরো বল গড়াতেই আবার বৃষ্টির হানা। এই সেশনও শেষ। এর মধ্যে থেমেছে বৃষ্টি। কিছুটা আশার সঞ্চার হয়েছে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আফগানিস্তানের।

দ্বিতীয় সেশনে প্রচুর বৃষ্টি হয়েছে। মাঠে অনেক পানি জমে আছে। কভার এখনো সরানো হয়নি। চলছে পানি নিষ্কাশনের কাজ। বৃষ্টি বন্ধ হলেও মাঠে খেলা গড়ানো সম্ভব হবে কি না, সেই সংশয় থেকেই যাচ্ছে। সবকিছু প্রস্তুত করতে করতে হয়তো তৃতীয় সেশনের অনেকটা সময় পার হয়ে যাবে।

বৃষ্টি বাংলাদেশ দল ও সমর্থকদের জন্য আশা সঞ্চার করলেও তাতে বিষণ বিরক্ত আফগান শিবির। কেননা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলটি। চারটি উইকেট নিতে পারলেই এক ঐতিহাসিক জয়ের স্বাদ পাবে তারা।

সপ্তম উইকেট জুটিতে ব্যাট করছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। আগের দিন ৩৯ রানে অপরাজিত থাকা বাংলাদেশ দলের অধিনায়ক অপরাজিত ৪৪ রানে। অন্যদিকে আগের দিন শূন্য রানে অপরাজিত থাকা সৌম্যর নামের পাশে আছে ২ রান। হার এড়াতে হলে এই জুটিতেই প্রতিরোধ গড়তে হবে বাংলাদেশকে।

বৃহস্পতিবার পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে নয়টায়। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত