গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় আগমন ঘটে ইয়াশ রোহানের। এরপর একেরপর এক সিনেমায় কাজ করছেন তিনি। ১৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ইয়াশ রোহান অভিনীত ‘মায়াবতী’। এই সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।
মায়াবতী মুক্তি পাচ্ছে…
মায়াবতী সামাজিক একটি ছবি। পারিবারিক গল্পের সিনেমা। এই মুহূর্তে বাংলাদেশে যে ধরনের সংবাদ শুনি-ধর্ষণ, গণপিটুনি-সহ অনেক কিছুই হচ্ছে। এমনই এক বিষয় উঠে আসবে এই সিনেমায়। ‘মায়াবতী’ সিনেমায় দেখানো হয়েছে নারীরা কতটুকু স্ট্রং।
আপনার চরিত্রটা কেমন?
আমাকে ইকবাল চরিত্রে দেখা যাবে। চরিত্রের ব্যাপারে আমি খোলাসা করে কিছু বলব না। আমি চাই দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখুক। চরিত্রটা অনেক ডিফরেন্ট একটা চরিত্র। আমি এ পর্যন্ত যতগুলো রোল করেছি, এটা সব থেকে আলাদা
নুসরাত ইমরোজ তিশার সঙ্গে কাজের অভিজ্ঞতা...
আমি প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম। কারণ ওনার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করব। তবে তিশা আপুর সঙ্গে কাজ করতে গিয়ে এটা ফিল করিনি যে উনি অনেক অভিজ্ঞ, আমি কম অভিজ্ঞ। এটা উনি আমাকে ফিল করতে দেননি। কাজের সময় উনি অনেক কিছু আমাকে বুঝিয়ে দিয়েছেন। অনেক কিছুই ওনার কাছ থেকে শিখেছি আমি।
আপনার ‘আদম’ সিনেমার খবর কি?
‘আদম’ সিনেমার শুটিং চলছে। এই সিনেমায় বেসিক্যালি দুই ভাইয়ের গল্প থাকছে। তারা গ্রামের মানুষ। আমি এখানে বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছি। অ্যালেন শুভ্র এখানে আমার ছোট ভাই।
‘আদম’ সিনেমার নায়িকা ঐশীর সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন?
আদম সিনেমায় আমার বিপরীতে নায়িকা হিসেবে আছেন ঐশী। ঐশীর সঙ্গে কাজ করে আমার মজা লেগেছে। কারণ ও এতটা ইয়াং, এতটা ফ্রেশ যে ওর সঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে আমি আবার আমার ছোটবেলাটা খুঁজে পেয়েছি। ওর কাছ থেকে পেয়েছি ইনোসেন্টনেস আর ফ্রেশনেস।
ঐশীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন?
ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। ঐশীর সঙ্গে অনেক দুষ্টুমি করেছি। ও এমনি দুষ্ট প্রকৃতির মেয়ে (ইতিবাচক অর্থে), কারণ ও সারাদিনই দুষ্টুমি করতে থাকে (হা হা হা)। বলতে গেলে ওর সঙ্গে আমার সম্পর্কটা দুষ্টুমিরই।
আপনার নতুন সিনেমা ‘পরাণে’র কি অবস্থা?
ময়মনসিংহে ‘পরাণ’ সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে আমি পরাণের শুটিংয়ে অংশ নেব ১০ সেপ্টেম্বর থেকে। সিনেমার পরিচালক রায়হান রাফি। ওখানে এখন মিম কাজ করছেন। শরিফুল রাজ কাজ করছেন। এই সিনেমায় আমার নায়িকা মিম।
স্বপ্নজালের ‘অপু’র সঙ্গে পরের চরিত্রগুলোর তুলনা…
আসলে স্বপ্নজালের সঙ্গে কোনো সিনেমারই তুলনা করতে পারব না আমি, কারণ স্বপ্নজাল আমার জীবনটাকেই চেঞ্জ করে দিয়েছে। এই ছবিই আমাকে সিনেমায় এনেছে। তো স্বপ্নজালের যে ফিলিংসটা সেটা আমি অন্য কোনোভাবে পাব না। তাই, স্বপ্নজালের সঙ্গে কোনো তুলনা করছি না।
