আইজিপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

রাজনৈতিক তদবিরে কর্মপরিবেশ নষ্ট করছে পুলিশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৬ এএম

রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তাদের তদবিরের মাধ্যমে পুলিশ সদস্যদের পদোন্নতি বন্ধে আইজিপিকে (পুলিশ মহাপরিদর্শক) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে কর্মপরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখার উপসচিব তাহমিনা বেগম স্বাক্ষরিত চিঠিটি আইজিপির কাছে পাঠানো হয়।

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গতকাল সোমবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিটি আমরা হাতে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশের কিছু ইউনিটের জনবল বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ইউনিটের পুলিশ সদস্য, বিশেষ করে কনস্টেবল, এএসআই এবং ক্ষেত্রবিশেষে এসআইরা সদলবলে বা এককভাবে সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এসে উপস্থিত হন। বিভিন্ন সময় তারা বিভিন্ন দপ্তর থেকে রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে অনুরোধ বা তদবির করে থাকেন। এগুলো অফিসের কাজের পরিবেশ এবং শৃঙ্খলা বিঘ্নিত করে।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘পদসৃজনের বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত। জনস্বার্থে নিরাপত্তা শান্তি-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার নিরিখে পদসৃজন করা হয়ে থাকে। পদোন্নতির সুযোগ সৃষ্টি হলে অথবা স্বাভাবিক প্রক্রিয়ায় পদোন্নতি হলে সমগ্র পুলিশ বাহিনী থেকে একযোগে পদোন্নতি হওয়া বাঞ্ছনীয় এবং আইনসম্মত। পদোন্নতি কখনো ইউনিটভিত্তিক নয়, সমগ্র পুলিশ বাহিনীতে সকল ইউনিটের পদোন্নতির সম্ভাবনা ন্যায়বিচার ও কর্মস্পৃহা বৃদ্ধির জন্য জরুরি। এমতাবস্থায় বাংলাদেশ পুলিশের সব ইউনিটের নতুন পদ সৃষ্টি বা শূন্য পদজনিত কারণে উচ্চতর পদে কোনো পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ফিডার পদ হতে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে সকল ইউনিট ও জেলায় নীতিমালা বা প্রক্রিয়া বাস্তবায়ন জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত