বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাককে অপর একটি ট্রাকে ধাক্কা দিলে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার দুপুরে রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।
দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
রামপাল থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিন হাওলাদার বলেন, রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে ইট বোঝাই একটি ট্রাকের চাকা ফেটে যায়। এই ট্রাকের চালক ও তার সহকারীরা ট্রাকটি মেরামত করার সময় অপর একটি পাথর বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ট্রাকের চালক ও তার দুই সহকারী নিহত ও অপর একজন আহত হন।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
