বাহামার জন্য মাইকেল জর্ডানের এক মিলিয়ন ডলার ত্রাণ সহায়তার ঘোষণা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৩ পিএম

ছয় বারের এনবিএ চ্যাম্পিয়ন সাবেক মার্কিন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান (এমজে) বাহামা দ্বীপের উপর বয়ে যাওয়া শক্তিশালী হারিকেন ঝড় ডোরিয়েনের ক্ষতি মোকাবিলায় এক মিলিয়ন ডলার সহায়তা করার ঘোষণা দিয়েছেন।

জর্ডান তার মুখপাত্র এস্টি পোর্টনয়ের মাধ্যমে মঙ্গলবার এক টুইটবার্তায় জানান, বাহামার ধ্বংসযজ্ঞ দেখে তিনি ‘বিধ্বস্ত’। ঝড় কবলিত সকলের প্রতি বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন জর্ডান।

ডোরিয়েন আক্রান্ত বাহামায় জর্ডানের নিজেরও সহায়-সম্পত্তি রয়েছে এবং সেখানে তিনি প্রায়শই বেড়াতে যান।

উল্লেখ্য, মাইকেল জর্ডান কর ছাড়া বছরে ১৪০ মিলিয়ন ডলার অর্থ আয় করেন। যার সিংহভাগ আসে নাইকি এবং এয়ার জর্ডান ব্র্যান্ড থেকে। এছাড়া তার রয়েছে গেটোরেড এবং হেন্সের সঙ্গে লাভজনক কিছু চুক্তি রয়েছে। তিনি নর্থ ক্যারিলিনার বাসিন্দা হিসেবে তিনি সেখানকার এনবিএ দল শার্লট হর্নেটসকে কিনে নেন। বর্তমানে তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ২.৬ বিলিয়ন ডলার। ২০১৮ সালের হিসাব অনুযায়ী তিনি সাবেক খেলোয়াড়দের মধ্যে সব থেকে ধনী।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানে হারিকেন ডোরিয়েন। পাঁচ মাত্রার শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসও হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক লোক নিহত হওয়ার খবর পাওয়া যায়।

আঘাত হানার সময় ঘণ্টায় এর গতিবেগ ছিল ১৮০ মাইল। কোথাও কোথাও ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র বলছে, ডোরিয়েন সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ংকর ঝড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত