১৬ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কারাগারে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৩ পিএম

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ১৬টি মামলার আসামি পিযুষ কান্তি দে (৪০) ও তার ৩ সহযোগীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত বুধবার রাতে র‌্যাব-৯ তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করে। পরে পুলিশ সিলেট মেট্রোপলিটন আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেপ্তার অপর ৩ জন হলো- সিলেট মহানগরীর মনিপুরী রাজবাড়ির মৃত অশ্বিনী কুমার পালের ছেলে বাপ্পা পাল (৪২), নগরীর মীর্জাজাঙ্গাল এলাকার মৃত পরেশ রায়ের ছেলে মন্টি রায় (৪২) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানীখাইল গ্রামের রুস্তুম খানের ছেলে রায়হান খান (২৫)। পিযুষ ও তার সহযোগীদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ৩টি রাম দা ও ৫৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীর্ষ সন্ত্রাসী পিযুষ কান্তি দে ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য বুধবার রাতে র‌্যাব-৯ এর  একটি চৌকস দল নগরীর মীর্জাজাঙ্গাল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মীর্জাজাঙ্গালের আনোয়ার ভিলার সামনে থেকে পিযুষ ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

পিযুষ কান্দি দে এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে বলেও র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। 

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, পিযুষ ও তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের মামলায় দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও ৩টি রামদা জব্দ দেখানো হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় ৫৫৪০ পিস ইয়াবা জব্দ দেখানো হয়েছে।

ওসি আরো জানান, আদালতের নির্দেশে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত