রাবিতে সিট দখলের ঘটনায় দুঃখ প্রকাশ ছাত্রলীগের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৯ এএম

ইংরেজি দৈনিক দ্য এশিয়ান এজের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিনিধি সাকিব হাসানের সিট দখলের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তারা এ দুঃখ প্রকাশ করেন।

লিখিত বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ দুঃখ প্রকাশ করছে। আমরা মনে করি, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি পরিবার। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাংবাদিকদের মধ্যে বর্তমানে সুসম্পর্ক বিদ্যমান। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ সুসম্পর্ক বজায় থাকবে।’

উল্লেখ্য, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ২২৪ নম্বর কক্ষ থেকে সাকিবকে বের করে দেন আইন অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাকিব হাসানকে হল প্রশাসন এ সিট বরাদ্দ দিলেও তাকে সরিয়ে ছাত্রলীগ নেতা তার জুনিয়র একজনকে অবৈধভাবে ওই সিটে তোলার চেষ্টা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত