সোনারগাঁয়ে সংঘর্ষের আশঙ্কায় সভা বন্ধ করে দিল প্রশাসন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকা আওয়ামী লীগের দুই পক্ষের সভা বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে সভা হওয়ার কথা ছিল। দুই পক্ষের সভাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সভার আয়োজক ডা. আবু জাফর চৌধুরী বিরু ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে সভা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। প্রশাসনের নির্দেশে সভা করা থেকে বিরত থাকে উভয় পক্ষ।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শুক্রবার বিকেলে উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডা. আবু জাফর চৌধুরী বিরুর আয়োজনে প্রস্তুতিমূলক সভা ডাকা হয়।

একই সময়ে ওই মাঠে উপজেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভার আয়োজন করেন। দুপক্ষের সভাকে ঘিরে বিদ্যালয়টির মাঠে অবস্থান নিতে থাকে উভয় পক্ষের নেতাকর্মীরা। দু’পক্ষই যেকোনো মূল্যে সেখানে সভা করার ঘোষণা দেন। তারা দলে দলে বিদ্যালয় মাঠে এসে জড়ো হতে থাকেন। পুলিশ সংঘর্ষের আশঙ্কায় উভয় পক্ষের সভাই বন্ধ করে দেয়।

রফিকুল ইসলাম নান্নু বলেন, ‘আমরা আইনকে শ্রদ্ধা করি। তাই প্রশাসনের অনুরোধে আমাদের নেতাকর্মীদের সভা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছি।’

ডা. আবু জাফর চৌধুরী বিরুর মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

এদিকে সভায় আসা লোকজনকে বাধা দেওয়ার অভিযোগ করেছে ডা. আবু জাফর চৌধুরীর সমর্থকরা। সভাস্থলে যাওয়ার সময় বৈদ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুককে মারধর করা হয়। এ ছাড়া কাঁচপুরে আওয়ামী লীগ নেতা সবুর খানের গাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া জানান, উটমা বিদ্যালয় মাঠে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে সভা বন্ধ করে দেওয়া হলেও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডা. আবু জাফর চৌধুরী বিরুর বাসভবনে ওই সভা করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সভাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য উভয় পক্ষের সভাই বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের পর উপজেলা আওয়ামী লীগের এক পক্ষ আহ্বায়ক কমিটিকে প্রতিহত ও আহ্বায়ক কমিটির সদস্যরা যেখানে সভা করতে যাবেন সেখানেই প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত