১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা ইউএইর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

বাংলাদেশে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্তআরব আমিরাত। এই অর্থে পাঁচটি অর্থনৈতিক অঞ্চলসহ ২০ প্রকল্প বাস্তবায়ন করা হবে। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিক ফোরামের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) কর্মকর্তাদের নিয়ে গঠিত ২০ সদস্যের সরকারি প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিল। প্রায় ২৫টি নতুন বিনিয়োগ প্রকল্প নিয়ে সালমান এফ রহমান ও সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয় বিনিয়োগকারীদের।

বাংলাদেশে অর্থনীতিতে ইউএই’র স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহে সন্তুষ্টি জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘ইউএই ও জিসিসিভুক্ত দেশগুলো বাংলাদেশে বিনিয়োগের প্রধান উৎস হতে পারে। দেশের ভবিষ্যৎ অর্থনীতি গঠনে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগকে (এফডিআই) ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকার ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের সমন্বয়ে বাংলাদেশ ১০০ অর্থনৈতিক অঞ্চল ও ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করছে। মুক্ত অর্থনৈতিক অঞ্চলের ধারণা বাস্তবায়নে ইউএই’র বিনিয়োগকারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ সুযোগ। আগামী বছরগুলোতে আমরা ইউএই’র করপোরেট কমিউনিটির সঙ্গে যোগাযোগ বাড়াতে কাজ করব।

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) মতে, ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে অবকাঠামো খাতে বছরে ২৪ বিলিয়ন ডলার প্রয়োজন। ২০১৭ সালে অবকাঠামোগত কাজে ৩১ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। যা গত বছর বেড়ে পৌঁছেছে ৪৬ বিলিয়ন ডলারে। বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ৩০তম দেশে পরিণত করতে শুধু অবকাঠামো খাতে ৩২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন।

বাংলাদেশ ইকোনমিক ফোরামের তথ্য অনুসারে, বাংলাদেশের অর্থনীতিতে ১০ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউএই’র বিনিয়োগকারীরা। গতকাল বাংলাদেশ ইকোনমিক ফোরামের আন্তর্জাতিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাহিদা মেটাতে বিদ্যুৎ, সড়ক ও পানি সরবরাহে বাংলাদেশকে ২০২০ সাল নাগাদ প্রায় ৭ দশমিক ৪ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান বলেন, বিদ্যুৎ, জ¦ালানি, বন্দর ও অবকাঠামো খাতে আমিরাতের ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত