এনআরসি নিয়ে বিজেপি বিধায়ক

খাবারের প্যাকেট ধরিয়ে বাংলাদেশে পাঠানো হবে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ এএম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক সুরেন্দ্র সিং। গত শনিবারের হুঁশিয়ারিতে তিনি এনআরসিতে যারা অবৈধ চিহ্নিত হবেন, তাদের হাতে দুই প্যাকেট করে খাবার ধরিয়ে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও হুমকি দিয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এনআরসি ইস্যুতে মমতার পদক্ষেপের সমালোচনা করেন সুরেন্দ্র সিং। সাংবাদিকদের তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের স্থান করে দিতে মমতা এনআরসির বিরোধিতা করছেন। পশ্চিমবঙ্গে এনআরসি প্রয়োগ করা হবে তা নিশ্চিত। চূড়ান্ত তালিকার পর পশ্চিমবঙ্গে যারা ভারতের নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবেন না, তাদের সম্মানজনকভাবে ভারত ছাড়তে হবে। মমতা শত বাধা দিলেও পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করা হবে এবং সব বাংলাদেশির হাতে দুটি খাবারের প্যাকেট ধরিয়ে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে।’
বিধায়ক সুরেন্দ্র সিং আরও বলেন, ‘লঙ্কার মানুষ হনুমানজিকে প্রবেশের অনুমতি দেয়নি। তবুও তিনি সেখানে প্রবেশ করেছিলেন এবং লঙ্কা জয় করেছিলেন। একইভাবে যোগী আদিত্যনাথ ও অমিত শাহও পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন এবং অনেক আসন জয় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লঙ্কার রাবণ। সেখানে রাম (বিজেপি সরকার) পা রেখেছেন। শিগগিরই পুরো পশ্চিমবঙ্গ জয় করবে বিজেপি।’
গত ৩১ আগস্ট প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা। এই তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যের ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। বাদ পড়া ব্যক্তিদের ভারতের পক্ষ থেকে অবৈধ বাংলাদেশি দাবি করা হলেও ঢাকা বলছে, ভারতে বাংলাদেশের কোনো অবৈধ নাগরিক নেই। আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি করার হুমকি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত