জবির ৫ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় র‌্যাবের দুঃখ প্রকাশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৯ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে র‌্যাব। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে র‌্যাব-১০-এর অধিনায়ক মো. কাইয়ুমুজ্জামান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে অনাকাক্সিক্ষত ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

গত বৃহস্পতিবার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার সময় শিক্ষার্থীদের বহনকারী বাস সাইড দেওয়াকে কেন্দ্র করে র‌্যাব-১০-এর সদস্যরা পাঁচ শিক্ষার্থীকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ৮টায় শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। সাড়ে ৯টার দিকে প্রক্টরের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যান তারা। এরপর প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা র‌্যাবের হামলার বিচার দাবি করেন। নইলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেন।

সাক্ষাৎকালে র‌্যাব-১০-এর অধিনায়ক কাইয়ুমুজ্জামান জানান, র‌্যাব মহাপরিচালকের নির্দেশে বিষয়টি তদন্ত হচ্ছে। ওই ঘটনায় কোনো র‌্যাব সদস্যের বাড়াবাড়ি পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, ডিএমপি লালবাগ জোনের ডিসি মো. মুনতাসিরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত