এক সাংবাদিককে বহিষ্কারের প্রতিবাদ করায় মার খেলেন আরেক সাংবাদিক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামস-জেবিনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।  

সোমবার বেলা ১২টায় শামস জেবিন মিড টার্ম পরীক্ষা দিতে গেলে তাকে ক্লাসরুম থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সাজিদ এবং রাসা। এরপর এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে তারা এবং তাদের অনুসারীরা। এ সময় তারা বলে, ‘ভিসি তোকে নিয়ে যেতে বলছে, তোকে নিয়ে যেতে হবে’। জেবিন গুরুতর আহত হলে তাকে সেখানে ফেলে রেখে সন্ত্রাসীরা চলে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র ফয়সাল সাজিদের নেতৃত্বে প্রায় ৪০/৫০জন এই হামলা চালায়। ফয়সাল নিজেকে ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দেন। তবে ক্যাম্পাসে ছাত্রলীগের কোন কার্যক্রম নেই শুরু থেকেই। তবে হামলাকারী সাজিদ এবং রাসা ভিসির অনুসারী হিসেবে পরিচিত।

এর আগে, ভিসির রোষানলে পড়ায় দা ডেইলি সান পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করা হয় বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানিয়েছে, জেবিন ক্যাম্পাসে সাংবাদিকদের বিরুদ্ধে প্রশাসনের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফাতেমা তুজ জিনিয়ার পাশে দাঁড়ান। এ কারণেই তার ওপর এভাবে হামলা চালানো হয়। তিনি ছাড়াও আরও যারা ফাতেমা তুজ জিনিয়ার পাশে দাঁড়িয়েছেন তাদেরও এভাবে খুঁজে বেড়ানো হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে ফয়সাল সাজিদের মোবাইলে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘এ ব্যাপারে আমি এখনো কিছু শুনিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত