ব্যাংক খাতে ঝুঁকি কমাতে দক্ষ ব্যবস্থাপনার তাগিদ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ এএম

দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনাই যথাযথ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারে। এজন্য ঝুঁকির সংস্কৃতি অনুধাবন, সুশাসন নিশ্চিত করা এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে আলাদাভাবে গাইডলাইন তৈরি করতে হবে।

এমনি তথ্য উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ‘ইফেকটিভনেস অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন অব ব্যাংকস-অ্যান অ্যাসেসমেন্ট’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে।

গতকাল সোমবার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘ইফেকটিভনেস অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন অব ব্যাংকস-অ্যান অ্যাসেসমেন্ট’ শীর্ষক গবেষণা কর্মশালায় প্রতিবেদনটি উপস্থাপিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিআইবিএমের মহাপরিচালক মহা. নাজিমুদ্দিন।

কর্মশালায় মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক মো. নেহাল আহমেদ। কর্মশালায় গবেষণা দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক অতুল চন্দ্র প-িত; বিআইবিএমের সাবেক অনুষদ সদস্য সৈয়দ এম বারিকুল্লাহ এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির উপ-মহাব্যবস্থাপক মো. আরিফুজ্জামান।

কর্মশালার উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান বলেন, ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আরও কিছু উদ্যোগ নিচ্ছে। ‘এরই ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার দিক বিবেচনায় ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ (আরএমডি) খুলেছে। বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি (বিআরএমসি), নির্বাহী ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি (ইআরএমসি) এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) এরই মধ্যে কাজ করছে।’

পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, সব ধরনের ঋণে ঝুঁকি থাকে তা দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করতে হবে ব্যাংকারদের। তবে ঝুঁকি ব্যবস্থাপনায় প্রথম কাজ হলো ব্যাংকারদের ঝুঁকি চিহ্নিত করা। তিনি লিগ্যাল ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করার ওপর জোরারোপ করেন।

বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি বলেন, ঝুঁকি ব্যবস্থাপনার জন্য একটি সূচক তৈরি করে কাজ করতে হবে। বিশেষ করে ঋণ প্রদানে ঝুঁকিগুলো খুঁজে বের করতে হবে।

সমাপনী বক্তব্যে বিআইবিএমের চেয়ার প্রফেসর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা বলেন, ব্যাংকারদের নিজ দায়িত্বেই ঝুঁকি চিহ্নিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত