কোনো মামলার শুনানিতে বিচারক ও আইনজীবীদের মধ্যে কথোপকথন বা যুক্তিতর্ক সংবাদপত্রে প্রকাশ করা যাবে না মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সম্প্রতি হাইকোর্টের এক বেঞ্চের আদেশের পরিপ্রেক্ষিতে প্রেস কাউন্সিল এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে গতকাল সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এজলাস চলাকালে বিচারক ও আইনজীবীদের মধ্যে কথোপকথন বা যুক্তিতর্ক একান্তভাবে কোর্টের সম্পদ এবং এটি সংবাদপত্রে প্রকাশযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে আদালত সম্পর্কিত সংবাদ প্রকাশ ও পরিবেশনের ক্ষেত্রে ১৯৯৩ সালের প্রণীত ও ২০০২ সালে সংশোধিত ‘সাংবাদিকদের জন্য আচরণবিধি’র ১৬ দফা অনুসরণের জন্য সব গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। প্রেস কাউন্সিল বলছে, বিচারাধীন মামলার রায় প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় বা ঘটনা এবং বিচারকদের মানহানি ঘটে এমন কোনো মন্তব্য বা মতামত প্রকাশ থেকে গণমাধ্যমকে বিরত থাকতে হবে।
বিচারাধীন মামলার বিষয়ে প্রকৃত চিত্র পরিবেশন করা যাবে। তবে, কোনো বিষয়ে সন্দেহের উদ্রেক হলে তা সংশ্লিষ্ট কোর্টের বেঞ্চ অফিসার, হাইকোর্টের রেজিস্ট্রার ও আপিল বিভাগের কাছ থেকে যাচাই করে প্রকাশ করতে হবে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের অবমাননা হয় এবং বিচারকদের মর্যাদা ক্ষুণ্ণ হয় অথবা ক্ষুণ্ণের আশঙ্কা থাকে এমন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে বলা হয়েছে।
পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টি প্রতিপালন করার অনুরোধ জানানো হয়েছে প্রেস কাউন্সিলের বিজ্ঞপ্তিতে।
একটি রিট মামলার শুনানিতে গত ৭ আগস্ট বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেয়। এর ভিত্তিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল এই বিজ্ঞপ্তি দিয়েছে।
