ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৯ এএম

ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ফটিকছড়িতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ৮টার দিকে ফটিকছড়ি কলেজ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পাঁচ ছাত্রলীগ কর্মী আহতের খবর পাওয়া গেছে।

আহত নাজিরহাট পৌর ছাত্রলীগের সদস্য রনি বলেন, ‘কিছুদিন আগে ফটিকছড়ি পৌর ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদকে উদ্দেশ করে ফেইসবুকে বিরূপ মন্তব্য করেছিলাম। সেটি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার বিকেলে ফটিকছড়ি কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গেলে সাজ্জাদের নেতৃত্বে আমাকে মারধর করা হয়। প্রতিবাদে আমরা নাজিরহাট পৌর ছাত্রলীগের কর্মীরা সন্ধ্যায় ফটিকছড়ির বিবিরহাট বাজারে মিছিল বের করি। মিছিলটি ফটিকছড়ি কলেজ গেট সংলগ্ন এলাকায় গেলে আমাদের ওপর রড, হকিস্টিক ও কিরিচ দিয়ে হামলা চালানো হয়। এতে নাজিরহাট পৌর ছাত্রলীগের কর্মী নাঈম (২১), রাহাত (২০), রনিসহ (২১) পাঁচজন আহত হন।

সাজ্জাদের বক্তব্যের জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন, বিষয়টি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত