মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিততে চান রোনালদো

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২০ পিএম

সেরার তুলনায় লিওনেল মেসিকে আরও ছাড়িয়ে যেতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য আর্জেন্টাইন ফরোয়ার্ডের চেয়ে বেশি সংখ্যক ব্যালন ডি’অর জেতার লক্ষ্য জুভেন্টাস তারকার।

সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরে রোনালদো ও মেসির সমান আধিপত্য। উভয়ই পাঁচবার করে জিতেছেন এই পুরস্কার। ব্যক্তিগত পর্যায়ে মেসি নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেও তাকে সমীহ করছেন রোনালদো। মঙ্গলবার ব্রিটেনের আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফুটবলার বলেন, “মেসি ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছে।”

“আমি মনে করি, তার ওপরে থাকতে আমাকে আরও ছয়, সাত বা আটটি ব্যালন জিততে হবে। এটা আমি জিততে চাই। এটা আমার প্রাপ্য।”

যাদের বিপক্ষে খেলেছেন তাদের মধ্যে মেসিকেই সেরা মানেন বলে জানালেন রোনালদো। কিন্তু নিজেকেই সবার সেরা হিসেবে দেখতে চান পর্তুগাল অধিনায়ক, “আমি যা করেছি এবং যা করে যাচ্ছি তাতে আমি নিশ্চিত যে আমি ফুটবলের ইতিহাসের অংশ। আমি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।”

“আমার হিসেবে আমিই ইতিহাসের সেরা, কিন্তু কিছু সমর্থকের মতে যদি অন্য কেউ সেরা হয় আর আমি দ্বিতীয়, তাতে কিছু যায় আসে না। আমি জানি, ফুটবলের ইতিহাসে আমি সর্বকালের সেরাদের একজন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত