পরীক্ষা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্য কোর্সে ভর্তি ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর ভর্তি বাতিল ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। পরে ঢাবি উপাচার্যকে স্মারকলিপিও দেন সাদা দলের শিক্ষকরা।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক পানি ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন খান, সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়লা নূর। সাদা দলের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতির বক্তব্যে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘গত মার্চ মাসে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে সামনে রেখে সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমর্থক একটি ছাত্রসংগঠনের সাবেক ও বর্তমান ৩৪ জন নেতাকে বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে পরিচালিত মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রামে বিনা ভর্তি পরীক্ষায় অবৈধ প্রক্রিয়ায় ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং প্রোগ্রামের তদানীন্তন পরিচালকের সংবাদ সম্মেলনে প্রদত্ত ব্যাখ্যাটি অগ্রহণযোগ্য। একটি অবৈধ ও অন্যায় কাজকে নিয়মসিদ্ধ বলে তিনি যে দাবি করেছেন আমরা তা প্রত্যাখ্যান করছি।’ অবৈধ প্রক্রিয়ায় ভর্তি হওয়া ৩৪ শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং এর সঙ্গে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
