শিশু ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চান আফ্রিদি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ এএম

পাকিস্তানে শিশু ধর্ষণকারীদের কঠোর শাস্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। সম্প্রতি পাঞ্জাব প্রদেশের কসুরে তিন ‘ছেলে’ শিশুর লাশ উদ্ধারের পর এ আহ্বান জানালেন তিনি।

কসুরে গত বুধবার তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, শিশু তিনটিই ছেলে। এর মধ্যে একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে। অপর দুই শিশুর ময়নাতদন্তের রিপোর্ট পেতে আরও সময় লাগবে বলা জানানো হয়েছে।

নিখোঁজ তিন ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার বিক্ষোভে ফেটে পড়ে চুনিয়া অঞ্চল। রাস্তাঘাট অবরোধ করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। পুলিশ স্টেশনও ঘেরাও করে তারা।

নিহত তিন ছেলে শিশুর বয়স দশের নিচে বলে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসা শিশুর নাম ফাইজান বলে জানিয়েছে পুলিশ। তার বয়স বয়সী এই শিশু নিখোঁজ হয় গত সোমবার। তাকে হত্যার আগে যৌন হেনস্তা করা হয় বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ অফিসার ইনাম গনি।

অপর দুই শিশু চলতি বছরের আগস্টে নিখোঁজ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের নাম পরিচয় জানা যাচ্ছে না। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তাও বলা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার পর এসব জানা যাবে বলে জানিয়েছেন গনি।

মোহাম্মদ আফজল নামের এক দিনমজুর বিবিসিকে জানিয়েছেন, আগস্টে আলি হোসনাইন নামে তার শিশু ছেলে নিখোঁজ হয়। এরপর থেকেই তাকে খোঁজে ফিরছে তারা। ছেলের শোকে তার বাড়িতে রান্না পর্যন্ত হচ্ছে না।

আগস্টেই সুলেমান আকরাম নামের আরেক শিশু নিখোঁজের কথা জানিয়েছেন তার চাচা মোহাম্মদ আশরাফ। তিনি বলেছেন, তার ভাতিজা প্রতিদিনকার মতোই সন্ধ্যায় খেলতে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু রাতে আর ফেরেনি। দুঃখজনক হলো যে, পুলিশ এসব নিখোঁজ শিশু খোঁজে বের করার ক্ষেত্রে পুলিশ আমাদের কোনো সহযোগিতা করেনি।”

আরেক মা জানিয়েছেন, গত জুনে স্কুল ছুটির সময় মোহাম্মদ ইমরান নামে তার এক ছেলে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।

এসব ঘটনায় এলাকার মা-বাবারা শিশুদের নিয়ে উদ্বেগের শেষ নেই। শিশুদের বাড়ির বাইরে যেতে, খেলাধুলা করতেও দিচ্ছেন না তারা।

বেশ কিছু দিন ধরে পাকিস্তানে শিশু ধর্ষণ, শিশু নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। গত বছর ৬ বছর বয়সী জয়নাব নামের এক মেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো দেশ জ্বলে ওঠে। ওই ঘটনায় জড়িত একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিদি। দোষীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক তারকা এই অলরাউন্ডার। তার মতে, দৃষ্টান্তমূলক শাস্তি দিলে পরবর্তীকালে এমন জঘন্য অপরাধ করার আগে কেউ ভাববে!

প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে টুইটারে তিনি লিখেছেন, “রিয়াসত-এ-মদিনার আদলে এবার দেশ চালানোর সময় এসে গিয়েছে। পাঞ্জাবের এই ঘটনার পর যেন রক্তের অশ্রু ঝড়ে পড়বে চোখ থেকে। পাঞ্জাব প্রদেশ সঠিকভাবে পরিচালনার জন্য আপনার দলের কি কোনো উপযুক্ত ব্যক্তি নেই? মদিনায় অনেক সময়ই অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার আমাদেরও সেই পথেই হাঁটা উচিত।”

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুর জেলার চুনিয়া এলাকা থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছিল চার নাবালিকা। তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে এখনো একজনকে খোঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তবে তিনজন নাবালিকার মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ টেস্ট করানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত