বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাটক ‘অনুদ্ধারণীয়’। নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী। প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের এ গল্পে দুটি প্রধান চরিত্র কবি ও তার ভক্ত অমিত। তাদের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটক।
‘অনুদ্ধারণীয়’ মঞ্চে আনছে চলতি বছরের জুলাইয়ে পথচলা শুরু করা নতুন দল অনুস্বর। এটিই তাদের প্রথম প্রযোজনা। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হবে।
নাটকটিতে অভিনয় করবেন মোহাম্মদ বারী, মাজিদুল মিঠু, মাহফুজ সুমন, সরকার জামান, এস আর সম্পদ, মোহাম্মদ রাকিব, আকিব বাবু, রুবেল অরভিল, ফরিদা লিমা, শাহনাজ জাহান প্রমুখ।
মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সহযোগী আরিফ সাকিল। আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস। আবহ সংগীতে আবির সায়েম। কোরিওগ্রাফিতে অনিকেত পাল বাবু। পোশাক পরিকল্পনায় ফৌজিয়া করিম। দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনায় মাজিদুল মিঠু, মঞ্চ ব্যবস্থাপনায় সরকার জামান ও মোহাম্মদ রাকিব।
এদিকে ‘অনুদ্ধারণীয়’ সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনুস্বর জানায়, দলটির নাট্যচর্চায় মানুষই মুখ্য। মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা অনুস্বরের স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই।
