ফ্লাইট মিস করে ক্ষুব্ধ দু প্লেসির ‘লেবু তত্ত্ব’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬ এএম

এই মুহূর্তে ভারত সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চলছে দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। এরপর টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। টি-টোয়েন্টি দলে না থাকলেও টেস্টে ফ্যাফ দু প্লেসিই নেতৃত্ব দেবেন দলকে। আর সে জন্য দলের সঙ্গে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন দু প্লেসি। কিন্তু তাকে পড়তে হয়েছে ফ্লাইট বিড়ম্বনায়।

কানেকটিং ফ্লাইটে দুবাই হয়ে ভারতে যাওয়ার যাওয়ার কথা দু প্লেসির। কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি দুবাই পৌঁছে দেরিতে। যে কারণে ভারতগামী নির্ধারিত বিমানটি ধরা হয়নি ‍দু প্লেসির।

শুক্রবার টুইটারে নিজেই এই খবর প্রকাশ করেন দু প্লেসি। লিখেছেন, ‘অবশেষে একটি বিমানে চার ঘণ্টা দেরিতে দুবাইয়ে। এখন আমি ভারতে যাওয়ার ফ্লাইট মিস করব। পরবর্তী ফ্লাইট দশ ঘণ্টা পর।’

দু প্লেসির বিড়ম্বনা এখানেই শেষ হয়নি। কিট ব্যাগও যে সময় মতো আসেনি। আরেক টুইটে দু প্লেসি জানান সেটি। যে টুইটে প্রোটিয়া অধিনায়কের মনের হতাশাটা গোপন থাকেনি।

তবে এই হতাশার মাঝেও ইতিবাচক কিছু খুঁজে নেওয়ার মনোভাব প্রকাশ করে বলেন, ‘যখন জীবন আপনাকে লেবু উপহার দেবে, তখন লেবুর শরবত তৈরি করুণ। আমার ক্রিকেট ব্যাগ এখনো আসেনি!!! আসলে এটি নিয়ে শুধু হাসতে পারেন। কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ আজ আমাকে সবচেয়ে বিরক্তিকর ফ্লাইং অভিজ্ঞতা উপহার দিল, যখন সবকিছুই ভুল। এখন শুধু আশা করছি আমার ব্যাটগুলো শেষ পর্যন্ত ফিরে আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত