কণ্ঠশিল্পী রবকে চাপা দেওয়া বাসের চালক ও সহকারী গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫১ পিএম

রাজধানীর তুরাগে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক পারভেজ রবকে (৫৫) চাপা দেওয়া বাসের চালক ও তার সহকারীকে ১৫ দিন পর গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে চালক মো. সুমন ও শরীয়তপুরের নড়িয়া থেকে কনডাক্টর (সহকারী) মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তুরাগের ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সামনে রাস্তার পাশে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের চাপায় নিহত হন পারভেজ রব। এ ঘটনায় তার স্ত্রী তুরাগ থানায় একটি মামলা করেন। আসামি গ্রেপ্তার করতে না পেরে থানা পুলিশ মামলাটি ডিবিতে হস্তান্তর করে।

ডিবির ঢাকা মহানগর উত্তরের একটি দল বিশেষ অভিযানে সুমন ও আক্তারকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, ৫ সেপ্টেম্বর সকালে ভিক্টর পরিবহনের বাসটি চালাচ্ছিল কনডাক্টর আক্তার, চালক সুমন তখন পাশে বসা ছিল।’

কণ্ঠশিল্পী আপেল মাহমুদের চাচাতো ভাই পারভেজ রব নিহতের একদিন পর একই কোম্পানির আরেকটি বাসের চাপায় উত্তরা ৯ নম্বর সেক্টরের স্লুইসগেট এলাকায় তার ছেলে আলভী ও বন্ধু মেহেদী হাসান ছোটন (২০) আহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান মেহেদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত