‘হাসপাতাল বাঁচাও, মানুষ বাঁচাও, দুর্নীতি বন্ধ কর, স্বাস্থ্যসেবা নিশ্চিত কর’ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে সংবাদ সম্মেলন করেছে দুর্নীতি দমন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কমিটি।
গতকাল শনিবার দুপুরে শহরের পুরাতন শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক এনামুজ্জামান চৌধুরী।
লিখিত বক্তব্যে এনামুজ্জামান চৌধুরী বলেন, সদর হাসপাতালে সুচিকিৎসা ও চিকিৎসকের অভাব রয়েছে। তার সঙ্গে ওষুধ স্বল্পতা, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, এক্সরে যন্ত্রের অপারেটর নেই। এ ছাড়া নানা কাজে দুর্নীতি বিদ্যমান।
তিনি আরও বলেন, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এ পর্যন্ত ৭টি মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনামুজ্জামান বলেন, সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল কবির রুমেন, দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দিক উজ্জ্বল, ইয়াকুব বখত বহলুল, অ্যাডভোকেট রুহুল তুহিন, নূর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন প্রমুখ।
জানতে চাইলে সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাশ বলেন, হাসপাতালে ওষুধ স্বল্পতা নেই। তবে চিকিৎসক সংকট আছে। আর টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়মের কথা আমার জানা নেই।
