পাঁচবিবিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪০ এএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামে বিয়ের দাবিতে শফিকুল ইসলাম নামে এক প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছেন। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত অনশনের পর গ্রামবাসী প্রেমিক শফিকুলের বাড়ির দরজার সামনে প্রেমিকাকে থাকার ঘর করে দিয়েছেন। অপরদিকে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে শফিকুলের পরিবার।

জানা যায়, ক্ষেতলাল উপজেলার ওই মেয়ের (১৯) সঙ্গে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করার সময় পরিচয় থেকে প্রেম হয়।

অনশনরত প্রেমিকা বলেন, বছরখানেক আগে আমার ও শফিকুলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমাকে বিয়ে করবে বলে বহুবার শারীরিক সম্পর্ক করেছে এবং আমার কাছ থেকে এক লাখ টাকাও নিয়েছে। এখন বিয়ে করতে বললে সে ঢাকা থেকে পালিয়ে বাড়িতে এসেছে। খবর পেয়ে তার খালু সাইদুলকে সঙ্গে নিয়ে সকালে ওর বাড়িতে এসেছি। আমি এখন তাকে বিয়ে করতে চাই। না হলে নিজের জীবন নিজেই শেষ করতে হবে।

গ্রামবাসী রাসেল, মোস্তফা, সাইদুলসহ আরও অনেকেই বলেন, মেয়েটিকে শফিকুলের সঙ্গে বিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি এবং গ্রামের সকলের সিদ্ধান্তে শফিকুলের বাড়ির দরজার সামনে টিনের ছাউনি দিয়ে মেয়েটিকে থাকার ঘর করে দেওয়া হয়েছে।

পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান জানান, পুলিশ গিয়ে বাড়িতে কাউকে পায়নি। মেয়েটিকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত