দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার সিলেটে বিভাগীয় মহাসমাবেশ করবে জেলা ও মহানগর বিএনপি। নগরীর রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে মহাসমাবেশকে সামনে রেখে সিলেটে বিএনপি নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রবিবার রাতে থেকে সোমবার পর্যন্ত দলের মহানগর ও উপজেলা পর্যায়ের অন্তত ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে তারা দাবি করেছেন। এছাড়া মহাসমাবেশের অনুমতি চেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে আবেদন দেওয়া হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে হ্যাঁ কিংবা না কোনো কিছুই জানানো হয়নি।
বিএনপির একাধিক নেতা জানান, তারা মহাসমাবেশের জন্য ৫০ ফুট দৈর্ঘ্যের ও ২০ ফুট প্রস্থের মঞ্চ নির্মাণ করেছিলেন। কিন্তু সোমবার বিকেলে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া সেখানে গিয়ে এই মঞ্চ ভেঙে ২০ ফুট দৈর্ঘ্যের ও ১০ ফুট প্রস্থের মঞ্চ নির্মাণের নির্দেশ দেন। এ সময় তিনি মঞ্চ নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধেরও নির্দেশ দেন। পরে বিএনপি নেতারা বাধ্য হয়ে ছোট মঞ্চ নির্মাণ শুরু করেন।
এব্যাপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, ‘মঞ্চ ছোট-বড় করার কোন নির্দেশ আমি দিইনি। তবে সমাবেশস্থল পরিদর্শনে গিয়েছিলাম’।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা মহাসমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে কয়েক দিন আগেই আবেদন করেছি। কিন্তু সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে আমাদেরকে কিছুই জানানো হয়নি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা সমাবেশের জন্য একটি সুপরিসর মঞ্চ নির্মাণ করলে, পুলিশ গিয়ে মঞ্চ ভেঙে ছোট পরিসরে মঞ্চ নির্মাণের নির্দেশ দেয়।’
বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, কাউকে অহেতুক হয়রানি কিংবা গ্রেপ্তার করার কোন কারণ নেই। কেউ গ্রেপ্তার হয়ে থাকলে তিনি সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার হচ্ছেন। বিএনপির মঞ্চ ভেঙে ছোট করে নির্মাণের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই’। মহাসমাবেশের অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে এ বিষয়টিও তিনি এড়িয়ে যান।
