রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীসহ চার শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিহার থানার ওসি জানান, মামলার পরিপ্রেক্ষিতে সোমবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকা থেকে রবি ও সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।

গত রবিবার রাতে ওই ঘটনায় মতিহার থানায় রবি, শান্ত, সিরাজুল, ঊষা, শিপন, জনিসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে নারী নির্যাতন ও হামলার অভিযোগে মামলা করেন রাবি শিক্ষার্থী শিহাব আল কুরাইশ (২০)।

এজাহারে বলা হয়, রবিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট সংলগ্ন একটি চায়ের দোকানে বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার সময় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের দুই ছাত্রীকে স্থানীয় কয়েকজন যুবক অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এর প্রতিবাদ করলে তারা স্টাম্প নিয়ে হামলা করে। মারধরে লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈমুল ইসলাম নাঈম কানে ও আইবির প্রথম বর্ষের ছাত্র শোভন মাথায় আঘাত পান। হামলাকারীদের দুজন দুই ছাত্রীর ওড়নাও কেড়ে নেয়। পরে লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আইবিএ’র শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্থানীয় বখাটেরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার ও মারধর করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেও কোনো লাভ হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত