অলিম্পিক-বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিষেধাজ্ঞার মুখে রাশিয়া

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪২ পিএম

ল্যাব থেকে মাদক পরীক্ষার তথ্য-উপাত্ত সরিয়ে ফেলায় অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় বড় আসরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপ এজেন্সি (ওয়াদা)।

এই অনিয়মের ব্যাপারে ব্যাখ্যা দিতে রাশিয়াকে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছে ওয়াদা। অন্যথায় দেশটি অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো আসরে নিষিদ্ধ হতে পারে। এমনকি অ্যাথলেটিকের বড় কোনো ইভেন্টও আয়োজন করতে পারবে না রাশিয়া।

এ ব্যাপারে ওয়াদার চেয়ারম্যান জোনাথন টেইলর বিবিসিকে বলেছেন, “তথ্য-উপাত্ত সরিয়ে দেওয়ার প্রমাণ রয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষ এ ব্যাপারে কী ব্যাখ্যা দেয় আমাদের তা জানতে হবে।”

টেইলর জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী ওয়াদার হাতে রাশিয়াকে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে। তবে রাশিয়া এ ব্যাপারে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের আশ্রয় নিতে পারে।

এদিকে, এ ঘটনা তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী কোলোবকভ। এর আগে ২০১৫ সালে দুর্নীতি ও ডোপিং টেস্টে অসংগতির কারণে রাশিয়ার ডোপ বিরোধী সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াদা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত