এনআরসি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি!

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০ এএম

আসামের জাতীয় নাগরিক তালিকা তথা এনআরসির সর্বশেষ তালিকা বাতিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। অথচ এই দলটির কেন্দ্রীয় নেতা নরেন্দ্র মোদিই এই তালিকা করেছেন।

ইকোনমিক টাইমসকে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ফের নাগরিকত্ব বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। তার ফলে সব প্রতিবেশী দেশ থেকে আগত উদ্বাস্তুরা ভারতের নাগরিকত্ব পাবেন।’

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘এই এনআরসি আমরা বিশ্বাস করি না। আদালতে আমরা সেকথা জানিয়ে খারিজের আবেদন জানাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যবেক্ষণে ফের এনআরসি হবে।’

‘এখন যারা দাঁত বার করে হাসছে তখন তাদের কাঁদতে হবে। যারা ধর্মীয় কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদেরও নাগরিকত্ব দিতে তৈরি হবে আইন।’

হিমন্তের প্রশ্ন, ‘প্রাণ বাঁচাতে যে হিন্দুরা ভারতে এসেছেন তাদের কি শত্রু বলে চিহ্নিত করা উচিত?’ তার আশ্বাস, ‘৩-৪ মাস অপেক্ষা করুন। যাদের ভারতমাতায় আস্থা আছে এমন বৌদ্ধ, জৈন, খ্রিষ্টান, শিখ, পারসিক সবাই নাগরিকত্ব পাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত