নোয়াখালীর সুধারামে বেপরোয়া হয়ে পড়েছে কিশোর গ্যাং। ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুধারাম থানায় মামলা করা হয়েছে। এই ঘটনায় ধর্ষক সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানায়, মঙ্গলবার বেলা দেড়টার সময় নেয়াজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী (১১) স্কুলের পার্শ্ববর্তী খাওয়ার দোকানে নাস্তা খেতে গেলে এলাকার কিশোর গ্যাং এর অন্যতম সদস্য বোরহান উদ্দিন বাবু, একরাম হোসেন সিরাজ ও মেহেদি হাসান সজিব তাকে জোর পূর্বক দোকানের ভেতর ঢুকিয়ে, দোকানের ঝাঁপ ও দরজা বন্ধ করে দেয়। দোকানের ভেতর বোরহান উদ্দিন বাবু তাকে ধর্ষণ করে এবং মেহেদি হাসান সজীব ও একরাম হোসেন তাকে চেপে ধরে রাখে। ওই ছাত্রীর চিৎকারে স্কুলের দপ্তরি মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে আসে এবং ভিকটিমকে উদ্ধার করে।
এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে বোরহান উদ্দিন বাবু, একরাম হোসেন সিরাজ, মেহেদি হাসান সজীবকে আসামি করে সুধারাম থানায় মামলা করেছে।
মামলার পরপরই মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বোরহানুদ্দিন বাবু ও তার দুই সহযোগী একরাম হোসেন সিরাজ ও মেহেদি হাসান সজিবকে গ্রেপ্তার করেছে।
বুধবার এই তিন আসামিকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস. আই সরিফুল জানায়, আসামিরা জবানবন্দিতে নিজেদের দোষ স্বীকার করায় তাদের আর রিমান্ডে আনার প্রয়োজন নাই।
সূত্র জানায়, এই কিশোর গ্যাং এর ২৫/৩০ সদস্য এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, ইয়াবা ব্যবসা ও ইয়াবা সেবন এর মত কর্মকাণ্ড করে বেড়ালেও এলাকাবাসী তাদের ভয়ে মুখ খুলতে নারাজ।
