এজলাস কক্ষে জাতির পিতার প্রতিকৃতি টানানোর নির্দেশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ পিএম

দেশের সব অধস্তন আদালতের এজলাস কক্ষে (কোর্ট রুম) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো ও তা সংরক্ষণের নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গত সোমবার মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার সিনিয়র সহকারী সচিব তৈয়বুর হাসান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। দুই মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ আগস্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে আদালতের এজলাস কক্ষে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের আদেশ দেয়। পাশাপাশি রুল জারি করে হাইকোর্ট। গত ২১ আগস্ট হাইকোর্টে রিট আবেদনটি করেন ওই আইনজীবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত