বাংলাদেশি ভক্তের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে পারবেন?
বিক্রম : প্রচুর গল্প আছে শেয়ার করার মতো। আমার ছবি ‘খোঁজ’, ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল ২০১৭ সালে। সেটা ছিল আমার প্রথম বাংলাদেশ ভ্রমণ। মনে আছে, বড় একটা অডিটোরিয়ামে ছবিটি প্রদর্শিত হয়েছিল এবং হাউজফুল শো ছিল সেটি। সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না; কী পরিমাণ ভালোবাসা আর উষ্ণ অভিনন্দন সেখানকার দর্শকদের কাছে পেয়েছিলাম আমি! সত্যি নিজ দেশের সমান অনুভূতি হচ্ছিল সেখানে।
‘ফাগুন বউ’ সফল সিরিয়াল। এটি দর্শক কেন পছন্দ করছেন বলে আপনি মনে করেন?
আমার মনে হয় ‘ফাগুন বউ’ টিভিতে টেলিকাস্ট হওয়ার প্রথম দিন থেকেই প্রচুর ভালোবাসা পেয়েছে, যা এখনো পর্যন্ত চলমান। সফল সিরিয়াল হওয়ার প্রধান কারণ বলতে গেলে অবশ্যই বলতে হয়, ধারাবাহিকটির লেখিকা লীনাদির (লীনা গঙ্গোপাধ্যায়ের) চিত্রনাট্যের মুনশিয়ানা; দুর্দান্ত পারফরম্যানস, ভালো সংলাপ এবং সর্বোপরি বিক্রম-ঐন্দ্রিলা জুটির কেমিস্ট্রি (হাসি)।
সহশিল্পী ঐন্দ্রিলা নাকি বন্ধু ঐন্দ্রিলা, কোনটা এগিয়ে?
বন্ধু ঐন্দ্রিলা অনেক এগিয়ে। তার মতো সত্যিকারের বন্ধু সহজে পাওয়া যায় না।
আপনার তো অনেক নারী ভক্ত। তাদের এমন কোনো মজার ঘটনা আছে, যা মনে করলে আজও হাসি পায়?
মজার গল্প নয়; হাসির ব্যাপারও না। তবে আমার জন্মদিনে ফ্যানদের কাছ থেকে যে পরিমাণে ভালোবাসা, উপহার-সামগ্রী, শুভেচ্ছা, অভিনন্দন, জন্মদিনের কার্ড, হাতে লেখা চিঠি পাই, সেগুলো দেখে সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার ফ্যানদের জন্যই আমি ভালো কাজ করে যেতে চাই সব সময়, যাতে এই ভালোবাসা আমাকে কখনো হারাতে না হয়।
বেশ কিছু সিনেমায় আপনার অভিনয় প্রশংসিত। পরের সিনেমায় পরিচালক ও নায়িকা হিসেবে কোন দুজনকে চান?
ধন্যবাদ! খোঁজ, সাহেব বিবি গোলাম, মেঘনাদ বধ রহস্য, এলার চার অধ্যায়, আমি আর আমার গার্লফ্রেন্ডস, আমি শুধু চেয়েছি তোমায়সহ বেশ কিছু সিনেমা প্রচুর ভালোবাসা ও প্রশংসা পেয়েছে। অপেক্ষা করছি যাতে খুব তাড়াতাড়ি পরের সিনেমাটা করতে পারি। পছন্দের অনেক পরিচালক ও কো-স্টাররা রয়েছেন। নির্দিষ্ট করে দুটি নাম বলা সত্যিই খুব কঠিন।
বাংলাদেশের শোবিজ নিয়ে আপনার ধারণা কী?
সত্যি বলতে খুব একটা ধারণা নেই। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বাংলা সিনেমা খুবই ভালো লেগেছে। সুযোগ পেলে নিশ্চয় তার অংশ হতে চাইব।
পুজোতে প্ল্যান কী?
আমার আর বাবার প্রথম ঘুরতে যাওয়া হবে একে অপরের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ের দিকে।
