গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলার সময় গ্যাস সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই এলাকার নূপুর মার্কেট ও সোবহান মার্কেটের চারটি দোকানের মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মিজানুর রহমান ফারুকী জানান, মঙ্গলবার সারাদিন র্যাপিড বাস ট্রানজিট প্রকল্পের লোকজন বোর্ডবাজার আইইউটি গেটের পূর্ব পাশে নূপুর মার্কেটের সামনে ড্রেনের খোঁড়াখুঁড়ির কাজ করছিল। রাতে তিতাস গ্যাসের মেইন লাইন থেকে আবাসিক লাইনের পাইপটি চাপ লেগে লিকেজ হয়ে গিয়ে তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা নূপুর মার্কেট ও সোবহান মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ওই মার্কেটের শিল্পী ফার্মেসি, ভাই ভাই রেফ্রিজারেশন, মিম গ্লাস এবং ওই মার্কেটের দোতলায় জ্যাক বাংলাদেশ নামে একটি গার্মেন্টস মেশিন বিক্রির দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
র্যাপিড বাস ট্রানজিট প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের ডে-শিফটের সুপারভাইজার মো. জিহাদ জানান, আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। রাতের শিফটে যারা কাজ করেছে তারা বলতে পারবে।
গাজীপুর তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী কাউছার আলম প্রধান জানান, বুধবার সকালে গ্যাসলাইনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পাইপটি শনাক্ত করা হয়। তদন্তসাপেক্ষে জানা যাবে কীভাবে আগুন লেগেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাকারিয়া খান জানান, এক্সাভেটরের আঘাতে তিতাস গ্যাসের সরবরাহ লাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ সময় আগুনে পাশে থাকা কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।
