তিতাসের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৫ এএম

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মশিউর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশনের সভায় মামলার এই অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ এই মামলা করা হবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। মামলায় যারা আসামি হচ্ছেন তারা হলেন তিতাস গ্যাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মশিউর রহমান, গাজীপুর অঞ্চলের সাবেক ব্যবস্থাপক (বর্তমানে ব্যবস্থাপক, পাইপলাইন ডিজাইন বিভাগ) প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, ছাব্বেরের স্ত্রী রুমানা রিসাত জামান ও ঠিকাদারি প্রতিষ্ঠান এসবি কনস্ট্রাকশনের মালিক মো. সাইফুল ইসলাম। তারা পরস্পর যোগসাজশে ৪০ কোটি ৩৬ হাজার ৫৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। গত বছরের ২০ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘তিতাসে কেজি মেপে ঘুষ লেনদেন’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই অনুসন্ধান করে দুদক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত