সাভারে হানিফ পরিবহন কাউন্টার মাস্টারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২২ পিএম

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্ম গেটের পাশ থেকে হানিফ পরিবহনের এক কাউন্টার মাস্টারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশ থেকে ওই যুবকের বুকে এবং মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহতের নাম রবিউল ইসলাম রবিন (২৫)। তিনি সাভারের আশুলিয়া থানাধীন মোল্লাপাড়া এলাকার মৃত রহমান মিয়ার ছেলে। হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে তিনি কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, সকালে পথচারীরা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে দেখতে পেয়ে বিষয়টি থানায় ফোন করে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বুক, মাথা, চোখ ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত