ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ মানবে না ইশা ছাত্র আন্দোলন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে (ডাকসু) ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে 'এখতিয়ার বহির্ভূত' বলে অভিহিত করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 

তাদের দাবি, এ সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে না।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এক যৌথ বিবৃতিতে এসব বলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে উপাচার্য সাংবাদিকদের জানান। 

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঢাবিতে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয় ডাকসুতে সবাই একমত হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধা করা হচ্ছে। 

ডাকসু ভবনে কার্যনির্বাহী কমিটির এ বৈঠক হয়। 

তারা বলেন, ডাকসুর এ সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধান বিরোধী একটি পদক্ষেপ। এই সিদ্ধান্ত সংবিধানের ৭ এর ১, ২, ২৮ এর ১ ও ৩, ৩৭, ২৬ এর ১ ও ২, ৩৬, ৩৮ এর ক, খ, গ, ঘ, ৩৯ এর ১ ও ২ এর ক, ৪১ এর ১ এর ক, খ, এবং ৪১- এর সঙ্গে সাংঘর্ষিক। 

তারা বলেন, বাংদেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ডাকসুর নেই।

তারা আরো বলেন, 'ধর্মভিত্তিক সংগঠন' এ পরিভাষার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। এ পরিভাষা ব্যবহার করে একটি পক্ষ ক্যাম্পাসে ইসলামী ছাত্র রাজনীতির নিষিদ্ধের অপচেষ্টা চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত