শান্তিরক্ষা মিশনে শ্রীলঙ্কার নিযুক্তি স্থগিত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১ পিএম

আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে শ্রীলঙ্কার সেনাবাহিনীর নিযুক্তি স্থগিত করেছে জাতিসংঘ। দেশটির সেনাপ্রধান হিসেবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখে থাকা এক সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত বুধবার জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি বছরের আগস্ট মাসে লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র সিলভাকে সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তখনো এর তীব্র প্রতিবাদ করে জাতিসংঘ।

ওই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে বুধবার জাতিসংঘ এক ঘোষণায় বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের বিস্তারিত তথ্য-প্রমাণ ও বিশ্বাসযোগ্য অভিযোগ থাকার পরও লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র সিলভাকে শ্রীলঙ্কার সেনাবাহিনীর কমান্ডার পদে নিযুক্ত করায় শ্রীলঙ্কা সরকারের কাছে উদ্বেগ জানিয়েছিলাম আমরা। এখন এই নিযুক্তির আলোকে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশন্স ভবিষ্যতের জন্য শ্রীলঙ্কার সেনাবাহিনীর মোতায়েন স্থগিত করছে।

তবে যেখানে এ স্থগিতের কারণে জাতিসংঘ অভিযানগুলো গুরুতর ঝুঁকির মধ্যে পড়তে পারে তা এর বাইরে থাকবে বলেও উল্লেখ করেছে জাতিসংঘ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত