জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবে গতকাল বৃহস্পতিবার সপ্তম দিনের আয়োজনে অংশ নিয়েছে হাজারেরও বেশি শিশু-কিশোর। আবৃত্তি, নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। এদিন বিকেল ৫টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাজির ফেরদৌসের রচনা ও নির্দেশনায় স্পন্দন শিশু নাট্যদল নীলফামারীর নাটক ‘আমাদেরও আছে অধিকার’, জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের ‘খ্যাতির বিড়ম্বনা’। সুন্দরম হবিগঞ্জের ‘তোতা কাহিনী’, শামীমা শওকত লাভলীর রচনা ও নির্দেশনায় বরিশাল শিশু থিয়েটারের ‘আওয়ার কিংডম’, সুনীল বিশ্বাসের নির্দেশনায় দেউন্দি চা বাগানের প্রতীক লিটল থিয়েটারের ‘পূজার সাজ’।
অন্যদিকে স্টুডিও থিয়েটার মিলনায়তনে নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ, বরিশাল, কিশোরগঞ্জ, বান্দরবান, হবিগঞ্জ, শেরপুর ও কক্সবাজার জেলার শিশুশিল্পীরা পরিবেশন করে আবৃত্তি, একক অভিনয়। চিত্রশালা মিলনায়তনে একক ও সমবেত সংগীত এবং সমবেত নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ, বরিশাল, কিশোরগঞ্জ, বান্দরবান, হবিগঞ্জ, শেরপুর ও কক্সবাজারের শিশুশিল্পীরা।
গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া ১৪তম জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব শেষ হবে আগামীকাল শনিবার। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। যৌথভাবে উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস লিটল থিয়েটার অ্যাসোসিয়েশন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, চিত্রশালা, সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, একাডেমি প্রাঙ্গণসহ প্রতিদিন ৮টি ভেন্যুতে ৮৫টি পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।
শহীদ মিনারে কামরুল হাসান মঞ্জুর স্মরণসভা আজ : বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আজ শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করবে আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জুর স্মরণসভা ও আবৃত্তি অনুষ্ঠান। আবৃত্তি সমন্বয় পরিষদের প্রচার সম্পাদক প্রশান্ত অধিকারী দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন কামরুল হাসান মঞ্জু।
