হুমায়ূনের নাটকে মঞ্চে টনি-প্রিয়া

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:০২ পিএম

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে মঞ্চে অভিনয় করবেন জনপ্রিয় তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোনো মঞ্চনাটকে অভিনয় করবেন তারা। ‘ঘটনা সামান্য’ নামের এ নাটকটি নির্দেশনা দিচ্ছেন ফরহাদ হোসেন। আজ এ নাটকটির মঞ্চায়ন হবে। টনি ডায়েস বলেন, ‘এখানে সবাই জীবন-জীবিকা নিয়ে ভীষণ ব্যস্ত। সবাইকে নিজ হাতে সব কাজ করতে হয়। কেউ কেউ ভিন্ন ভিন্ন রাজ্যে থাকেন। কেউ নিউ জার্সি, কেউ ডালাস, কেউ নিউ ইয়র্কে। ব্যস্ততার ফাঁকেই নাটকটা আমরা মঞ্চস্থ করছি। শুরুর কয়েক দিন কল কনফারেন্সে প্লে-রিডিং করেছি। তারপর সবাই একসঙ্গে হওয়ার পর ব্লকিং চলছে। মঞ্চে ওঠার আগ পর্যন্ত রিহার্সাল চলবে।’ এ নাটকের অন্য শিল্পীরা হলেন খুরশিদুজ্জামান উৎপল, শিরিন বকুল, স্বাধীন খসরু, নাজিয়া হাসান, ফরহাদ হোসেন প্রমুখ।

দেড় দশকেরও বেশি সময় সপরিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন কাটাচ্ছেন টনি ডায়েস। চাকরি ও পরিবার নিয়ে ব্যস্ততার মধ্যেও সময় বের করে অভিনয় করেন তিনি। আন্তরিক আয়োজক পান না বলে জানান এই অভিনয়শিল্পী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত