বলিউড অভিনেত্রী দিশা পাটানি। মিষ্টি চেহারা, আকর্ষণীয় শারীরিক কাঠামো, নাচের পারদর্শিতা আর সাবলীল অভিনয় নিয়ে কম সময়ে ভক্তদের মনে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনময়ী ছবি পোস্ট করে প্রায়ই আলোচনায় আসেন। দিশা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত’। সালমানের বিপরীতে অভিনয় করেও আলাদা লাইমটাইট ছিনিয়ে নিয়েছেন তিনি। স্লো মোশন’ গানে হলুদ সিফন শাড়িতে তার আবেদনময়ী নৃত্যশৈলী মুগ্ধ করেছে সবাইকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দিশা পাটানি বলেন, ‘নিজেকে হট মনে করি না। আমি বাস্তব জীবনে টমবয় ধরনের। শুধু আমার ফটোশুটের কারণে সবাই আমাকে ‘হট’ মনে করেন। আমি অন্য মেয়েদের মতোই সাধারণ হিসেবে থাকতে পছন্দ করি।’
এদিকে ইউটিউবে চ্যানেল খুলেছেন দিশা। সেখানে তার ব্লগও পোস্ট করেন। এছাড়া ইন্সটাগ্রামে নিয়মিত ছবি দিয়ে থাকেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমার জীবনেরই একটি অংশ। আমি ইন্সটাগ্রামে খুবই সক্রিয়। কিন্তু ইন্টারনেটের বাইরেও যে জগৎ রয়েছে সেটি আমি মাথায় রাখি। ভারসাম্য বজায় রেখে নির্দিষ্ট কিছু সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটায়।’ দিশার পরবর্তী সিনেমা ‘মালাং’। মুহিত সুরি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন অনিল কাপুর, আদিত্য রয় কাপুর, কুনাল খেমু প্রমুখ।
এগুলো তো গেল কাজের খবর। ব্যক্তিজীবনে টাইগার শ্রফের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনেক বেশি আলোচিত এই নায়িকা। ভাঙা-গড়ার মধ্য দিয়েই যেন চলছে তাদের সম্পর্ক। এখন টাইগারকে শুধুই ভালো সহকর্মী হিসেবে দেখছেন দিশা। কারণ এই জুটির সিনেমা ‘বাঘি ২’ সুপারহিট হলেও এর তিন নম্বর কিস্তিতে নেই দিশা। প্রথম কিস্তির শ্রদ্ধা কাপুরকেই আবার টাইগারের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ‘বাঘি ৩’-এ। অনেকেই মনে করছেন টাইগার-দিশার সম্পর্ক আগের মতো নেই। তাই নতুন কিস্তিতে দিশার সঙ্গে কাজ করতে চাননি টাইগার!
