বেসরকারি খাত দেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা রাখছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বেসরকারি খাত শিল্প, কৃষি, ব্যাংক, বিদ্যুৎ এমনকি পর্যটন খাতেও বেসরকারি বিনিয়োগ রয়েছে। সরকারও বেসরকারিভাবে বিনিয়োগকারীদের প্রাধান্য দিচ্ছে।
গত শুক্রবার রাতে সিলেট নগরীর একটি হোটেলে ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব’ সিলেট পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘পদক্ষেপ’ বাংলাদেশ নামে সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সততা ও সাহসিকতায় বিশ্বের দরবারে তার সুনাম রয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে বঙ্গবন্ধুকন্যার পাশে থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন বিশ্বকে বিস্মিত করেছে। পঁচাত্তর পরবর্তী সময়ে স্বৈরাচারী সরকারগুলো দেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিল। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ নতুন করে এগিয়ে চলা শুরু করে।
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ঝুঁকি নিয়ে কাজ করায় অর্থনীতিতে বাংলাদেশের রমরমা অবস্থা। এখন মানুষ না খেয়ে থাকে না। গড় আয়ুও বেড়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। আর কিছু মানুষ উন্নয়ন দেখেও না দেখার ভান করে।
এম এ মান্নান সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় পর্যটন শিল্পের বিকাশের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, পর্যটকদের জন্য ইতিবাচক পরিবেশ জরুরি। সরকারও এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তবে বেসরকারি উদ্যোগের প্রয়োজন। কেননা, দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ জেবুন্নেছা হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল।
