গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় গুলি করে এক ব্যবসায়ীর ১৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল পৌনে ১১টার দিকে চান্দনা চৌরাস্তার উত্তর পাশে সিয়াম ফিলিং স্টেশনের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে।
এসময় ছিনতাইকারীদের মারধরে জাপান ট্যোবাকোর মালিক নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হন।
নূরুল হক রতন জানান, তিনি ও ৬ কর্মচারী তার চান্দনা চৌরাস্তার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পূবালী ব্যাংকের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন।
অফিস থেকে কিছু দূর যাওয়ার পর সকাল পৌনে ১১টার দিকে পেছন থেকে ৫-৬ জন ছিনতাইকারী লাঠিসোঁটা ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়।
ছিনতাইকারীদের মারধরে তিনি ও কর্মচারী সোহেল আহত হয়েছেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে কর্মচারী সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে জয়দেবপুরের দিকে চলে যায়।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি কাওসার আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে গুলির বিষয়টি তিনি নিশ্চিত নন বলে জানান।
